ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

আপত্তি উপেক্ষা করে সংসদে বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:১৪ রাত  

ছবি: সংগৃহিত

সংসদে তীব্র আপত্তি ও বিতর্কের মধ্যেই ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস হয়েছে। বিলটি পাসের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল।

শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। বিলটি উত্থাপন ও পাসের সময় বিরোধী দলের সদস্যরা তাদের আপত্তি জানান এবং আলোচনার দাবি তোলেন। তবে তা উপেক্ষা করেই বিলটি কণ্ঠভোটে পাস করা হয়।

বিল পাসের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে বিরোধী দল বিলটির বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তুলে ধরে তা পুনর্বিবেচনার দাবি জানায়। তবে সরকার পক্ষ বিলটি পাসের প্রয়োজনীয়তা তুলে ধরে তাদের অবস্থানে অনড় থাকে।

ঘটনাকে কেন্দ্র করে সংসদে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হলেও পরবর্তীতে অধিবেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

বাংলাধারা/এসআর