রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫০, উদ্বেগ বাড়ছে
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:৪৮ দুপুর
ছবি: সংগৃহিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫০ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) চার শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা শেষে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছেন।
গত এক সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। বৃহস্পতিবার চার শিশু মারা যাওয়ার আগে বুধবার তিনজন, মঙ্গলবার একজন, সোমবার দুইজন, রোববার দুইজন, শনিবার তিনজন এবং শুক্রবার একজন শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের বড় একটি অংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়া, এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সময়মতো চিকিৎসা না পেলে জটিলতা বাড়ে এবং মৃত্যুঝুঁকিও বৃদ্ধি পায়।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও গুরুতর রূপ নিতে পারে।
বাংলাধারা/এসআর
