ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

২১ ঘণ্টার বৈঠকেও অচলাবস্থা, সমঝোতা ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১১:৩৮ দুপুর  

ছবি: সংগৃহিত

পাকিস্তানের মধ্যস্থতায় টানা ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

দ্বিতীয় দিনের আলোচনাও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র এখন পাকিস্তান ত্যাগের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

ভ্যান্স বলেন, “আমরা টানা ২১ ঘণ্টা আলোচনা করেছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে—এটাই ইতিবাচক দিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।”

পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে তিনি দেশটির প্রধানমন্ত্রী ও সামরিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। তার ভাষায়, আলোচনায় কোনো ধরনের ব্যর্থতার দায় পাকিস্তানের নয়; বরং তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।

মার্কিন পক্ষ ‘সৎ উদ্দেশ্য’ ও নমনীয় অবস্থান নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল উল্লেখ করে ভ্যান্স বলেন, “আমরা একটি সুস্পষ্ট প্রস্তাব নিয়ে এসেছি, যা আমাদের দৃষ্টিতে চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। এখন দেখার বিষয়, ইরান সেটি গ্রহণ করে কি না।”

আলোচনার পুরো সময়জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। ভ্যান্স বলেন, “গত ২১ ঘণ্টায় আমরা হয়তো ছয়বার, হয়তো তারও বেশি বার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি।”

সংবাদ সম্মেলনে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, যারা এই আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেন।

দীর্ঘ আলোচনার পরও সমঝোতা না হওয়ায় অঞ্চলজুড়ে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাধারা/এসআর