প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর প্রধানের বৈঠক, বিনিয়োগ ও প্রযুক্তি নিয়ে আলোচনা
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:৪৪ দুপুর
ছবি: সংগৃহিত
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপ-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ এবং টেলিনরের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে আধুনিক নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া এবং “স্মার্ট বাংলাদেশ” গড়ে তুলতে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে টেলিনরের সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি দেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণে আগ্রহী। বিশেষ করে ৫জি প্রযুক্তি চালু ও সেবার মান উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎকে দেশের ডিজিটাল খাতে ভবিষ্যৎ বিনিয়োগ ও সহযোগিতার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাধারা/এসআর
