ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৩৫ রাত  

ছবি: সংগৃহিত

বিশ্বের অন্যতম প্রভাবশালী সাময়িকী টাইম-এর ২০২৬ সালের ‘১০০ প্রভাবশালী ব্যক্তি’ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকাশিত তালিকায় ‘লিডারস’ ক্যাটাগরিতে তিনি ১৬তম অবস্থানে রয়েছেন।

তালিকার শীর্ষে রয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ক্লডিয়া শেইনবাউম এবং মার্কো রুবিও। তালিকার চতুর্থ স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টাইম ম্যাগাজিনে প্রকাশিত প্রোফাইলে বলা হয়েছে, অল্প কিছুদিন আগেও লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। তবে ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে তিনি জাতীয় নেতৃত্বে প্রতিষ্ঠিত হন।

প্রোফাইলে আরও উল্লেখ করা হয়, তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রাজনৈতিক উত্তরাধিকার অনুসরণ করেছেন। দেশে ফেরার অল্প কিছুদিনের মধ্যেই মায়ের মৃত্যু তার ব্যক্তিগত জীবনে বড় আঘাত হিসেবে আসে।

গত জানুয়ারিতে টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করেন। উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং আঞ্চলিক সম্পর্কের টানাপোড়েন মোকাবিলাকে তিনি অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।

টাইমের মূল্যায়নে বলা হয়েছে, ক্ষমতায় আসার পর তারেক রহমানের ‘হানিমুন পিরিয়ড’ তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হতে পারে। তবে দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের অভিজ্ঞতা তাকে দ্রুত কাজ শুরু করতে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেছেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।

বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে টাইমের এই তালিকায় অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।

বাংলাধারা/এসআর