বাড়ল সোনা ও রুপার দাম
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:১৩ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১৫ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা আগের দিনের তুলনায় বেশি। মঙ্গলবার এ দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮২৩ ডলার ছাড়িয়েছে। বৈশ্বিক বাজারে দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব পড়ছে দেশীয় বাজারেও।
এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারে একদিনেই ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, যা ছিল এককভাবে সর্বোচ্চ বৃদ্ধি। তখন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাধারা/এসআর
