ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

ইরানের হামলায় আমিরাতে নিহত ৩, নিহতদের মধ্যে বাংলাদেশিও

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ০১, ২০২৬, ০৮:১৯ রাত  

ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংঘাত শুরুর পর থেকে ইরান মোট ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন নিক্ষেপ করেছে। যুদ্ধের দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়, যার মধ্যে আটটি সমুদ্রে গিয়ে পড়ে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ক্রুজ মিসাইল ও ৩১১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে ২১টি ড্রোন বেসামরিক স্থাপনায় আঘাত হানে। ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে ১৫২টি মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে এবং বাকি ১৩টি সমুদ্রে পড়েছে, অর্থাৎ কোনো মিসাইল সরাসরি আমিরাতের স্থলভাগে আঘাত হানেনি বলে দাবি কর্তৃপক্ষের।

হামলায় নিহত তিনজনের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫৮ জন। আহতদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

বাংলাধারা/এসআর