মার্চে তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে তাপপ্রবাহ ও কালবৈশাখী
প্রকাশিত: মার্চ ০১, ২০২৬, ০৮:১১ রাত
ছবি: সংগৃহিত
চলতি মার্চ মাসে দেশের আবহাওয়ায় গরমের প্রভাব ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মাসব্যাপী পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখা দিতে পারে কালবৈশাখী ঝড়ও।
রোববার (১ মার্চ) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মার্চজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং অনেক স্থানে তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। মাসের শেষ দিকে বিশেষ করে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ৩৬-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগর এলাকায় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, মার্চে ২-৩ দিন বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ১-২ দিন শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বাংলাধারা/এসআর
