হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধের রিট শুনবেন হাইকোর্ট
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:০৪ দুপুর
ছবি: সংগৃহিত
দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে। রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট-এর বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। এর আগে গত ২ এপ্রিল হামের বিস্তার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। একই সঙ্গে দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে, যা শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ আরও বাড়তে পারে।
এদিকে, বিষয়টি নিয়ে আইনি উদ্যোগ আরও জোরদার হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী একলাছ উদ্দিন ভূঁইয়া সম্প্রতি সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এতে ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
নোটিশটি পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এতে বলা হয়, টিকার ঘাটতির কারণে দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে, অথচ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গাফিলতি দেখা যাচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।
সামগ্রিক পরিস্থিতিতে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে। এখন আদালতের নির্দেশনা ও সরকারের উদ্যোগ দুইয়ের দিকেই তাকিয়ে রয়েছে অভিভাবক ও সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর
