ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

বিশ্ববাজারে দ্বিগুণ দাম, দেশে সামান্য সমন্বয়: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:১৪ দুপুর  

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও দেশে তুলনামূলকভাবে সীমিত পরিসরে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইতোমধ্যে অতিরিক্ত প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয় বহন করতে হয়েছে সরকারকে।

মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির আগে আন্তর্জাতিক বাজারে তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ। এর ফলে রাষ্ট্রীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তবে জনগণের ভোগান্তি বিবেচনায় নিয়ে সেই অনুপাতে দেশে দাম বাড়ানো হয়নি।

তিনি আরও বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে। প্রয়োজনীয় ক্ষেত্রে নিজস্ব অর্থায়ন থেকেই বাড়তি ব্যয় বহন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম থাকে।

জ্বালানিমন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে দেশীয় বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। ততদিন পর্যন্ত সীমিত পরিসরে মূল্য সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে সরকার।

বাংলাধারা/এসআর