তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৩:৫৬ দুপুর
ছবি: সংগৃহিত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো শর্তের অংশ নয় বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আইএমএফের সঙ্গে সংশ্লিষ্ট নয়। “আমরা আইএমএফের বৈঠকে যাওয়ার আগেই তেলের দাম সমন্বয় করেছি,” উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাব সব দেশেই পড়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সরকার দীর্ঘ সময় ধরে জনগণের স্বার্থ বিবেচনায় দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।
তিনি জানান, আন্তর্জাতিক পর্যায় থেকে বারবার তেলের দাম সমন্বয়ের পরামর্শ দেওয়া হচ্ছিল। কারণ, দীর্ঘদিন দাম অপরিবর্তিত রাখলে রাষ্ট্রীয় তহবিলের ওপর চাপ বাড়ে এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সমস্যা তৈরি হয়।
আইএমএফের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বরং আমরা প্রয়োজনের তুলনায় খুব সীমিত পরিসরে দাম সমন্বয় করেছি।”
অর্থমন্ত্রীর ভাষ্য, বৈশ্বিক বাজারে কিছু দেশে জ্বালানির দাম দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। সেই তুলনায় দেশে যে সমন্বয় করা হয়েছে, তা অত্যন্ত সামান্য।
তিনি বলেন, তহবিলের ওপর ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়া এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম চালিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণের ওপর প্রভাব কম রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেও জানান অর্থমন্ত্রী।
বাংলাধারা/এসআর
