ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

‘গোল বলের খেলা, যেকোনো কিছুই হতে পারে’ হার থেকে ঘুরে দাঁড়াতে চান শরিফুল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:০৫ দুপুর  

ছবি: সংগৃহিত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে খেলতে আসা নিউজিল্যান্ড প্রথম ম্যাচেই ২৬ রানের জয় তুলে নিয়ে চাপে ফেলেছে বাংলাদেশ-কে।

দ্বিতীয় ম্যাচের আগে রোববার সংবাদ সম্মেলনে এসে এ হার নিয়ে কথা বলেন পেসার শরিফুল ইসলাম। তিনি বলেন, একটি ম্যাচে ভুল হতেই পারে, আর ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব।

তার ভাষায়, “একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি। তারাও ভালো দল, আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।”

নিজের পারফরম্যান্স প্রসঙ্গে শরিফুল বলেন, সুযোগ পেলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি। দীর্ঘ সময় দলে নিয়মিত সুযোগ না পেলেও নিজের মৌলিক দক্ষতার ওপর আস্থা রেখেছেন সবসময়।

তিনি জানান, “আমি সবসময় চেষ্টা করি বেসিক ঠিক রেখে খেলতে। সুযোগ এলে যেন ভালো কিছু করতে পারি, এটাই ছিল লক্ষ্য। নিজের সঙ্গে লড়াই করে গেছি, সুযোগ পেয়ে আলহামদুলিল্লাহ কিছুটা ভালো করতে পেরেছি।”

দলে জায়গা পাওয়া ও একাদশে পরিবর্তন নিয়ে প্রশ্নে শরিফুল কোনো হতাশা দেখাননি। বরং দলের ভেতরের প্রতিযোগিতাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

তার মতে, “দলে যারা খেলছে সবাই ভালো করছে, বাইরে যারা আছে তারাও ভালো। এটা আমাদের জন্য স্বাস্থ্যকর প্রতিযোগিতা। কেউ ইনজুরিতে পড়লে অন্য কেউ এসে ভালো পারফর্ম করতে পারছে, এটাই দলের শক্তি।”

তিনি উদাহরণ টেনে বলেন, সিনিয়র পেসার মুস্তাফিজুর রহমান শেষ মুহূর্তে খেলতে না পারায় সুযোগ পান তিনি, এবং সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছেন।

সব মিলিয়ে, প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদই শোনালেন শরিফুল।

বাংলাধারা/এসআর