প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:১১ এ এম
অনলাইন সংস্করণ
ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। প্রেম, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন এবং সংবাদ প্রকাশের পর একাধিকবার নিজের বিরক্তির কথা জানিয়েছেন তিনি। এমনকি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের জন্মদিনে বিশেষ এক আয়োজনে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূজা চেরী। ছবিগুলোতে তাকে রঙিন বেলুন, কেক ও নানা সাজসজ্জার মধ্যে দেখা যায়। তবে আয়োজনের চেয়েও বেশি নজর কেড়েছে তার আবেগঘন ক্যাপশন। সেখানে তিনি জানিয়েছেন, জন্মদিনের এই বিশেষ আয়োজনের পেছনে রয়েছেন তার জীবনের একজন বিশেষ মানুষ।
সঙ্গীর কাছ থেকে পাওয়া সারপ্রাইজে আপ্লুত পূজা লিখেছেন, ‘আমি কখনও জানতাম না, জন্মদিনের এই সারপ্রাইজ আমার হৃদয়কে এতটা গভীরভাবে স্পর্শ করবে। তুমি শুধু আমাকে অবাকই করোনি, আমাকে কতটা মূল্য দিয়ে ভালোবাসো, সেই অনুভূতিও দিয়েছো।’
জন্মদিনের ছোট ছোট আয়োজন ও মুহূর্তগুলো তাকে বিশেষ এক অনুভূতি দিয়েছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, এই অভিজ্ঞতা তিনি কখনো ভুলবেন না। তার ভাষায়, জীবনে কিছু মানুষ যেমন সুন্দর একটি অধ্যায় হয়ে থাকেন, তেমনি কিছু মুহূর্তও মনের গভীরে বিশেষ জায়গা করে নেয়।
পোস্টের শেষাংশে ভালোবাসার অনুভূতি প্রকাশ করে পূজা লিখেছেন, ‘সবসময় তোমাকে ভালোবাসি। আর নিজেকে শুভজন্মদিন।’
পূজার এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। পাশাপাশি তার ‘বিশেষ মানুষ’টি কে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। যদিও পোস্টে তিনি সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি।
এর আগে বিয়ের প্রসঙ্গে পূজা জানিয়েছিলেন, পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে এবং ইতোমধ্যে তার বাগদানও সম্পন্ন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নিজেই আনন্দের সঙ্গে বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানিয়েছিলেন তিনি।
ফলে জন্মদিনে সঙ্গীর কাছ থেকে পাওয়া এই বিশেষ সারপ্রাইজ তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে জল্পনাকে আরও উসকে দিয়েছে। তবে সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে আপাতত জন্মদিনের সুন্দর মুহূর্তগুলোই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন