প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৭:২৭ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। একই সঙ্গে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন এবং ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ এবং মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনা এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি মার্কিন প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং অর্থনৈতিক সংস্কারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন প্রতিনিধিদল। বিশেষ করে ব্যাংকিং খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখেছে তারা।
বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষ থেকে বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণ ও দুর্বল আর্থিক ব্যবস্থাপনা মোকাবিলায় সংস্কার কার্যক্রম জোরদারের মধ্যে যুক্তরাষ্ট্রের এই সহযোগিতার আশ্বাসকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ ও কার্যকর করার উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা সরকারের জন্য সহায়ক হতে পারে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন