ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:০১ বিকাল  

ছবি: সংগৃহিত

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সূচি অনুযায়ী সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তিনি জানান, ধারণা করা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন, আর রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

আইন উপদেষ্টা বলেন, অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে তা প্রচলিত রীতি অনুযায়ী নির্ধারণ করা হবে এবং বিষয়টি দেখছে ক্যাবিনেট ডিভিশন। তিনি আরও জানান, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে আসিফ নজরুল স্পষ্টভাবে বলেন, নতুন মন্ত্রিসভায় তার থাকার কোনো প্রশ্নই ওঠে না।

সরকার গঠন ও শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনুষ্ঠানিকতা ও প্রোটোকল ঠিক রাখতে প্রশাসনের বিভিন্ন দপ্তর সমন্বয় করে কাজ করছে।

বাংলাধারা/এসআর