উত্তরাঞ্চলের তিন জেলায় আজ নির্বাচনী সমাবেশে তারেক রহমান
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৬, ১১:২০ দুপুর
ছবি: সংগৃহিত
উত্তরাঞ্চলের তিন জেলায় আজ শনিবার ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরের শুরুতে তিনি ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এরপর নীলফামারী ও দিনাজপুরে পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি জনসভাস্থলগুলোতে যাবেন। জনসভা শেষে দিনাজপুর এলাকায় তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি রয়েছে। তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন আরও গতি পাবে বলে তারা আশা করছেন।
পুলিশ জানিয়েছে, বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীতে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন। স্থানীয়দের মতে, বিরামপুর এলাকায় তারেক রহমানের পারিবারিক স্মৃতি জড়িয়ে আছে। এখানে তার নানাবাড়ি অবস্থিত। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় তারেক রহমানের সফরকে স্থানীয়রা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি সাধারণ মানুষের যে গভীর ভালোবাসা রয়েছে, তা আজকের জনসভাগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই স্পষ্ট হবে।”
দলীয় নেতারা আশা করছেন, এই সফরের মাধ্যমে উত্তরাঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
বাংলাধারা/এসআর
