ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রমজানে সরকারি অফিসে নতুন সময়সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৬, ০৭:৩০ বিকাল  

ছবি: সংগৃহিত

পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। রমজান উপলক্ষে কর্মঘণ্টা সংক্ষিপ্ত করে নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, রমজান মাসে সরকারি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

তিনি আরও জানান, ব্যাংক, বিমা কোম্পানি, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুবিধা ও প্রয়োজন অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করতে পারবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে কর্মঘণ্টা কমিয়ে আনার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ধর্মীয় অনুশাসন পালনে সুবিধা দেওয়া এবং দাপ্তরিক কাজের ধারাবাহিকতা বজায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাস উপলক্ষে সরকারি দপ্তরগুলোর অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়ে থাকে।

বাংলাধারা/এসআর