ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

আজ খুলনা-যশোরে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৬, ০৯:৪৭ সকাল  

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা ও যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার সরাসরি নির্বাচনী কর্মসূচিকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা।

দলীয় কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে খুলনা নগরীসহ আশপাশের জেলাগুলোতে এরই মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

দলীয় সূত্র জানায়, এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি মনোনীত প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী দিকনির্দেশনা, সরকারের সমালোচনা এবং বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনার রূপরেখা তুলে ধরবেন দলের চেয়ারম্যান।

বিএনপির নেতারা আশা করছেন, খুলনার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে। জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

খুলনার জনসভায় বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, শিল্পাঞ্চলে গ্যাস সংযোগ, সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন স্থাপন এবং উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা তুলে ধরার কথা রয়েছে তারেক রহমানের বক্তব্যে।

খুলনার কর্মসূচি শেষে দুপুর আনুমানিক ১টার দিকে হেলিকপটারে করে যশোরের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর দেড়টার দিকে তিনি যশোর ক্রীড়া উদ্যানে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এটিই যশোরে তার প্রথম সরাসরি জনসভা বলে জানিয়েছেন দলীয় নেতারা।

যশোর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, নগরবাসীর যানজট ও ভোগান্তি কমানোর কথা বিবেচনা করে শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোর অঞ্চলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরা হবে। এর মধ্যে ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, কৃষি ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং আঞ্চলিক বৈষম্য নিরসনের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে।

দলীয় নেতারা জানিয়েছেন, যশোরের সমাবেশে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা ও যশোর জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাংগঠনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

দলটির নেতারা মনে করছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তারেক রহমানের এই সফর বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনে দেবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করবে।

বাংলাধারা/এসআর