পারমাণবিক অস্ত্র পরিত্যাগে আলোচনায় তেহরান, আশাবাদী ট্রাম্প
প্রকাশিত: ফেব্রুয়ারি ০১, ২০২৬, ১০:১২ দুপুর
ছবি: সংগৃহিত
ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তেহরান প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে এবং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর সুযোগ রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
এক সাংবাদিক ইরান ইস্যুতে তার সর্বশেষ অবস্থান জানতে চাইলে শুরুতে বিষয়টি এড়িয়ে যেতে চান ট্রাম্প। তবে পরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তার ভাষায়,
“আমরা চাই ইরান এমন একটি সমাধানের দিকে এগিয়ে যাক, যা আমাদের কাছে গ্রহণযোগ্য। আলোচনার মাধ্যমে সেটি সম্ভব।”
এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও ট্রাম্পকে প্রশ্ন করা হয়। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক বৈঠকে প্রিন্স খালিদ বলেন, ট্রাম্প যদি তার আগের হুমকি অনুযায়ী ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেন, তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।
এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, অনেকে এমনটা মনে করেন, আবার অনেকে মনে করেন না।
ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি আরও বলেন,ইরান চাইলে এমন একটি সন্তোষজনক চুক্তি করতে পারে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না। তাদের এটি করা উচিত। তারা আমাদের সঙ্গে কথা বলছে, এবং সেটি তারা করছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে। তবে শেষ পর্যন্ত তারা কী সিদ্ধান্ত নেবে, তা আমি নিশ্চিত নই।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা, সামরিক হুমকি ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই সাম্প্রতিক এই আলোচনার খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাধারা/এসআর
