শেষ জিম্মির মরদেহ উদ্ধারের পর রাফা ক্রসিং খুলবে ইসরায়েল, থাকবে কঠোর শর্ত
প্রকাশিত: জানুয়ারী ২৬, ২০২৬, ০১:১২ দুপুর
ছবি: সংগৃহিত
গাজায় অবশিষ্ট শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার হলেই মিশরের সঙ্গে সংযুক্ত গাজার একমাত্র সীমান্তপথ রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। রোববার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপেই রাফা ক্রসিং খোলার কথা ছিল। তবে ইসরায়েল শুরু থেকেই শর্ত জুড়ে দেয়- জীবিত জিম্মিদের পাশাপাশি নিহত জিম্মিদের মরদেহও হামাসকে ফেরত দিতে হবে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত সব জিম্মিকে ফেরত আনা হয়েছে। কেবল ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গভিলির মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের লক্ষ্যে গাজার উত্তরাঞ্চলে বিশেষ অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে বলা হয়, রান গভিলির মরদেহ উদ্ধার হলে রাফা ক্রসিং সীমিত পরিসরে খুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র পথচারীদের চলাচলের জন্য ব্যবহার করা যাবে এবং পুরো কার্যক্রম থাকবে ইসরায়েলের কঠোর নজরদারিতে।
রাফা ক্রসিং গাজার প্রায় ২০ লাখ মানুষের জন্য বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র প্রবেশ ও প্রস্থান পথ। ২০২৪ সাল থেকে ক্রসিংয়ের গাজার দিকটি ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে মানবিক সহায়তা ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েল আরও সেনা প্রত্যাহার করবে এবং হামাস গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে সরে যাবে- এমন প্রত্যাশা করছে ওয়াশিংটন।
বাংলাধারা/এসআর
