হত্যার ছক বাস্তবায়নে গুলিবর্ষণ: রোহিত শেঠির বাড়িতে হামলার পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাং, গ্রেপ্তার ৫
প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৬, ০৪:০০ দুপুর
ছবি: সংগৃহিত
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠিকে হত্যার উদ্দেশ্যেই তার মুম্বাইয়ের বাসভবনের সামনে গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী ছিলেন গ্রেপ্তার হওয়া সমর্থ শিবসরণ এবং এখনও পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার। তদন্তে উঠে এসেছে, শুভম লোঙ্কারের সরাসরি নির্দেশেই একটি স্কুটারে করে দুষ্কৃতকারীরা রোহিত শেঠির বাড়ির সামনে পৌঁছায় এবং লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে।
এই ঘটনায় আদিত্য জ্ঞানেশ্বর, আনন্দ মারোতে ও সিদ্ধার্থ দীপকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করা হলে বিচারক আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কারকে ধরতে বিশেষ টিম কাজ করছে।
হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একটি ভয়ংকর হুমকিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে এই হামলাকে শুধু একটি ‘ট্রেলার’ বলে উল্লেখ করে বলা হয়, পরবর্তী গুলি আর বাড়ির বাইরে নয়, বরং সরাসরি রোহিত শেঠির বুকে চালানো হবে।
ওই পোস্টে পুরো বলিউডকে সতর্ক করে বলা হয়েছে, গ্যাংয়ের নির্দেশ অমান্য করলে পরিণতি হবে আরও ভয়াবহ। সেখানে প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে হুমকি দেওয়া হয়, যা বলিউড অঙ্গনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
ঘটনার পর রোহিত শেঠির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, পরিচালকের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তার বাসভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বলিউড তারকাদের লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি ও হামলার ঘটনা নতুন নয়। এর আগে অভিনেতা সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার বাড়ির সামনেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত বছর মুম্বাইয়ের প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিকীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়, যার পেছনেও এই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।
এছাড়া অভিনেত্রী দিশা পাটানি ও জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁ ঘিরেও বিষ্ণোই গ্যাংয়ের তৎপরতার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক এই ঘটনায় পুরো বলিউডে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশের দাবি, এই হামলার পেছনের পুরো নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত জোরদার করা হয়েছে এবং বলিউড সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর
