ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

‘কুসুম’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৬, ০৪:২৩ দুপুর  

ছবি: সংগৃহিত

নতুন বছরের শুরুতেই নিজের অভিনয়জীবনে আরও একটি গৌরবময় অর্জন যোগ করলেন অভিনেত্রী জয়া আহসান। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার তুলে দেওয়া হয় জয়ার হাতে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান লেখেন, “‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।”

জয়ার এই সাফল্যে শুভেচ্ছার বন্যা বইছে দুই বাংলায়। ভক্তদের পাশাপাশি বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরাও সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৪-৩৫ সালে ‘ভারতবর্ষ’ সাময়িকীতে ধারাবাহিকভাবে। প্রায় নয় দশক পর সেই সাহিত্যকর্মকে পর্দায় রূপ দিয়েছেন নির্মাতা সুমন মুখার্জি। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিতে উপন্যাসের কুসুম চরিত্রে প্রাণবন্ত ও গভীর অভিনয়ে দর্শক-সমালোচকদের মুগ্ধ করেন জয়া আহসান।

ছবিটিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। তাঁরা যথাক্রমে শশী, কুমুদ, যাদব ও সেনদিদি চরিত্রে অভিনয় করেছেন।

কুসুম চরিত্রটি নিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, সাধারণত নারীদের কেবল কামনা-বাসনার বস্তু হিসেবেই উপস্থাপন করা হয়। কিন্তু কুসুমের নিজেরও স্পষ্ট কামনা-বাসনা আছে, আর সে তা গোপন করে না। কুসুম যেন একেবারে খোলা বই- তার মন, শরীর ও আত্মা একই সুরে বাঁধা। এখানেই শশীর সঙ্গে তার মৌলিক পার্থক্য। কুসুম শশীর চরিত্রকে প্রশ্ন করতে ও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। সে ভীষণ খোলা মনের, সতেজ ও প্রাণবন্ত এক নারীর প্রতিচ্ছবি।


বাংলাধারা/এসআর