ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ফেব্রুয়ারিতে আবারও এলপিজির দামে আগুন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৬, ০৩:৫৪ দুপুর  

ছবি: সংগৃহিত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি আনুষ্ঠানিকভাবে নতুন এই মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারি মাসে তা ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি) ও ডলারের বিনিময় হার সমন্বয় করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

একই সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও। নতুন দামে অটোগ্যাস বিক্রি করতে বলা হয়েছে দেশের সব ফিলিং স্টেশনকে। তবে এ বিষয়ে বিস্তারিত মূল্য তালিকা আলাদা করে জানানো হবে বলে বিইআরসি সূত্র জানিয়েছে।

এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জ্বালানি খাতে সংশ্লিষ্টরা বলছেন, এলপিজির ওপর দেশের বড় একটি জনগোষ্ঠী নির্ভরশীল। বিশেষ করে শহর ও গ্রামাঞ্চলে যেসব এলাকায় পাইপলাইনের গ্যাস নেই, সেখানে রান্নার প্রধান জ্বালানি এলপিজি। ফলে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের মতে, এলপিজির দাম বারবার বাড়লেও সরবরাহ ও মান নিয়ন্ত্রণে এখনও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। তারা দাম সমন্বয়ের পাশাপাশি বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, নতুন দামে আজ সন্ধ্যা থেকেই সিলিন্ডার বিক্রি শুরু হবে। তবে খুচরা পর্যায়ে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হওয়ায় কোথাও কোথাও ঘোষিত দামের চেয়ে কিছুটা বেশি দামে এলপিজি বিক্রি হতে পারে।

বাংলাধারা/এসআর