ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:১৭ বিকাল  

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে জয়ী হওয়া তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

ইসি সচিব আখতার হোসেন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ত্যাগের আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। ইতোমধ্যে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। তবে একাধিক আসনে বিজয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে কোন আসন রাখবেন তা নির্বাচন কমিশনকে জানাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না দিলে কমিশন একটি আসন রেখে বাকিগুলো শূন্য ঘোষণা করতে পারে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুই আসনেই জয় পান তারেক রহমান। ঢাকা-১৭ আসনে তিনি পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী এএসএম খালিদুজ্জামান, যিনি পান ৬৮ হাজার ৩০০ ভোট। অন্যদিকে বগুড়া-৬ আসনে তারেক রহমান পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

আইন অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন বাধ্যতামূলক। ফলে বগুড়া-৬ আসনে শিগগিরই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত করা হয় এবং চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল আইনি জটিলতায় ঝুলে আছে। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

বাংলাধারা/এসআর