ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

রমুজ প্রণালিতে উত্তেজনা: তিন জাহাজে হামলার দাবি, দুটি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:৩২ বিকাল  

ছবি: সংগৃহিত

হরমুজ প্রণালিতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সতর্কবার্তা অমান্য করে অতিক্রমের চেষ্টা করায় অন্তত তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার সকালে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

আইআরজিসির ঘনিষ্ঠ বার্তা সংস্থা জানিয়েছে, ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যা বর্তমানে ইরানের উপকূলে আটকা রয়েছে। একইসঙ্গে ‘এমএসসি ফ্রান্সেসকা’ ও ‘এপামিনোন্ডাস’ নামের আরও দুটি জাহাজ জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। জাহাজ দুটি ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়েছে। পরে নিশ্চিত করা হয়, আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী ‘এপামিনোন্ডাস’।

ঘটনাটির বিষয়ে ভিন্নমতও সামনে এসেছে। জাহাজটির ক্যাপ্টেন দাবি করেছেন, কোনো ধরনের রেডিও সতর্কতা পাননি তারা। তবে ইরানের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র এই দাবি নাকচ করে বলেছে, জাহাজটি ইরানি বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

অন্যদিকে সামুদ্রিক গোয়েন্দা সংস্থার তথ্যে জানা যায়, তৃতীয় একটি পণ্যবাহী জাহাজও হামলার শিকার হয়েছে। পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেসকা’ জাহাজটি ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূলের কাছে আক্রমণের মুখে পড়ে। এতে জাহাজটির ক্রুদের আবাসিক অংশে ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনার মাধ্যমে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে গেল। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথে এমন উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বাংলাধারা/এসআর