দ্বিতীয় ওয়ানডেতে হোঁচট, সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:৩৯ বিকাল
ছবি: সংগৃহিত
প্রথম ম্যাচে জয়ের আনন্দে ভাসলেও দ্বিতীয় ওয়ানডেতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেট দল। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪ উইকেটের পরাজয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটাই ছিল হতাশাজনক। মাত্র ৪ রানেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাঝেমধ্যে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও অন্য প্রান্ত থেকে তেমন সাড়া পাননি তিনি।
দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস আসে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। ১০১ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে তিনি আউট হলে বড় সংগ্রহের আশা ফিকে হয়ে যায়। শেষ দিকে নাহিদা আক্তার, রিতু মনি ও রাবেয়া খান ছোট ছোট অবদান রাখলেও নির্ধারিত ওভারের আগেই ১৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মালকি মাদারা, নিমাশা মীপাগে ও ইনোকা রানাবীরা নেন দুটি করে উইকেট।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। তবে দ্রুতই ঘুরে দাঁড়ান চামারি আতাপাত্তু। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর হার্শিতা সামারাবিক্রমা ও হানসিমা করুণারত্নের দৃঢ় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় লঙ্কানদের হাতে।
হার্শিতা ৭৬ বলে ৫০ এবং হানসিমা ৬৪ বলে ৪০ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে কয়েকটি উইকেট হারালেও জয়ের পথে আর কোনো বাধা আসেনি। ৭০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করে ২১ রানে ৪টি উইকেট নেন। এছাড়া সুলতানা খাতুন ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। এখন সবকিছু নির্ধারণ হবে তৃতীয় ও শেষ ম্যাচে, যা আগামী ২৫ এপ্রিল রাজশাহীতেই অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে সিলেটে।
বাংলাধারা/এসআর
