ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:২৭ বিকাল  

ছবি: সংগৃহিত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই শুরু হয়ে পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত।

বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দীন হায়দারের সইয়ে এই রুটিন প্রকাশ করা হয়। বিশেষ প্রয়োজনে সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে থাকবে বলেও জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা। আর শেষ দিন ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফট এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত দ্বিতীয় শিফটে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার কাঠামো অনুযায়ী প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ অংশের জন্য সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সিকিউ অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

ব্যবহারিক বিষয়সমূহের ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট থাকবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এছাড়া সকাল ও বিকেলের পরীক্ষার জন্য পৃথক সময়সূচি অনুযায়ী উত্তরপত্র ও প্রশ্নপত্র বিতরণ করা হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে পূরণ করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না এবং মার্জিনের বাইরে কোনো লেখা যাবে না।

পরীক্ষা চলাকালে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সাধারণ (নন-প্রোগ্রামেবল) বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি এবং ব্যবহারিক—সব অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। এছাড়া নিবন্ধন ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।

সার্বিকভাবে, নির্ধারিত নিয়ম মেনে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাধারা/এসআর