ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

রাজশাহীর ঐতিহাসিক দিনে রেকর্ড জয় বাংলাদেশের নারী দলের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৫:৫৫ বিকাল  

ছবি: সংগৃহিত

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে এই প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিল স্বাগতিকরা। একই সঙ্গে এটি হয়ে থাকল রাজশাহীর এই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ম্যাচ, যা স্মরণীয় করে রাখলেন নিগার সুলতানা জ্যোতিরা।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৩৪ রানেই হারায় ৩ উইকেট, তৈরি হয় শঙ্কা। তবে সেই চাপ সামাল দেন শারমিন আক্তার। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে টেনে নেন তিনি।

চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারির সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন শারমিন। মোস্তারি ৪১ রান করে চোটের কারণে মাঠ ছাড়লে স্বর্ণা আক্তারের সঙ্গে গড়েন আরও ৭৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩০ বছর বয়সী শারমিন খেলেন ৮৬ রানের ঝকঝকে ইনিংস, যেখানে ছিল ১৩টি চার।

তবে জয় যখন হাতের মুঠোয়, তখন নাটকীয়তা তৈরি হয়। দলীয় ১৯৯ রানে শারমিন ও স্বর্ণা (৩৫) দুজনই আউট হলে হঠাৎ চাপ বাড়ে। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭ রান। শেষ পর্যন্ত আর কোনো বিপদ না ঘটিয়ে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে নতুন রেকর্ডও গড়ে দলটি। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়।

এর আগে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২০৫ রান। দলটির হয়ে ইমেশা দুলানি (৫২) ও হানশিমা করুণারত্নে (৫৪) অর্ধশতক করেন। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিতু মণি।

উল্লেখ্য, ২০০৯ সালে খুলনায় এক ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারালেও সেই ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। ফলে এবারের জয়টিই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নারী দলের প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজশাহীর ঐতিহাসিক এই দিনে তাই জয়টা শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য নতুন এক মাইলফলক।

বাংলাধারা/এসআর