মার্কিন অবরোধ শান্তি আলোচনায় বাধা, ট্রাম্পকে জানাল পাকিস্তান
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৫:২৭ বিকাল
ছবি: সংগৃহিত
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান অসীম মুনির। আলোচনায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে সম্ভাব্য শান্তি উদ্যোগের বড় বাধা হিসেবে তুলে ধরা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।
সূত্র অনুযায়ী, ফোনালাপে অসীম মুনির ট্রাম্পকে জানান, ইরানের বিভিন্ন বন্দরে মার্কিন অবরোধ বহাল থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংলাপ শুরু করা কঠিন হয়ে পড়ছে। এর জবাবে ট্রাম্প বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান স্পষ্ট করেছে, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো আলোচনা বা প্রতিনিধি পাঠাতে রাজি নয়।
অন্যদিকে, সাম্প্রতিক এক সামরিক উত্তেজনাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। ইরানি পতাকাবাহী ‘তুসকা’ নামের ওই জাহাজে গুলি চালানো ও পরে সেটি জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজে ক্রু সদস্যদের পাশাপাশি তাদের পরিবার থাকায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পরিস্থিতি নিরাপদ হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সামগ্রিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার হলেও অবরোধ ও সামরিক ঘটনাপ্রবাহ শান্তি আলোচনাকে জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাধারা/এসআর
