ট্যাক্সমুক্ত নয়, সরকারি মালিকানাধীন গাড়ির প্রস্তাব : সংসদে হাসনাত আবদুল্লাহ
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:১৫ বিকাল
ছবি: সংগৃহিত
ট্যাক্সমুক্ত গাড়ির সুবিধা নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার সংসদ অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা জানান।
তিনি স্পষ্ট করে বলেন, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে আগ্রহী নন। বরং অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো দায়িত্ব পালনের সুবিধার্থে নির্দিষ্ট সময়ের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।
হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা সহকারী কমিশনার (ভূমি) সবার মতোই সরকারি কাজে ব্যবহারের জন্য সংসদ সদস্যদেরও একটি গাড়ি দেওয়া যেতে পারে। তবে সেটি ব্যক্তিগত মালিকানায় নয়, পুরোপুরি সরকারি মালিকানাধীন থাকবে।
তিনি আরও জানান, একজন সংসদ সদস্য যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন সেই গাড়ি ব্যবহার করবেন। দায়িত্ব শেষ হলে গাড়িটি আবার সরকারের কাছেই ফিরে যাবে। এতে অতিরিক্ত কোনো ব্যয়ও বাড়বে না বলেও দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, অথচ অনেকের নিজস্ব গাড়ি নেই। এই বাস্তবতায় সরকারি গাড়ির প্রস্তাবটি যৌক্তিক বলে মনে করেন তিনি।
গতকালের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তিনি কখনোই ট্যাক্সমুক্ত গাড়ি বা প্লট সুবিধা চাননি। এ বিষয়ে ইতোমধ্যে সংসদের সব সদস্য একমত হয়েছেন যে, তারা এ ধরনের সুবিধা গ্রহণ করবেন না।
তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এ সিদ্ধান্তের মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাধারা/এসআর
