প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও ড্রেস দেবে সরকার
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:৩৬ বিকাল
ছবি: সংগৃহিত
দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সারা দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব ব্যাগ ও পোশাক বিতরণ শুরু হবে। প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।
মাহদী আমিন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একই ধরনের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে সমতা ও ন্যায্যতার চর্চা গড়ে তোলা। ধনী-দরিদ্র বিভেদ কমিয়ে একটি সমতাভিত্তিক সমাজ গঠনের সূচনা করতে সরকার প্রাথমিক স্তর থেকেই কাজ শুরু করতে চায়।
এছাড়া পরিবেশবান্ধব পাটজাত পণ্য ব্যবহারে শিশুদের অভ্যস্ত করে তোলার বিষয়টিও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যবহার বাড়াতে এবং দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে পুনরুজ্জীবিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের আশা, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা পাবে, অন্যদিকে দেশীয় পণ্যের ব্যবহারও বাড়বে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাধারা/এসআর
