প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৫০ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় এক নারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগে সুজন মিয়া (২২) নামে এক যুবককে ধাওয়া করে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ট্রাফিক লালবাগ বিভাগের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়া জোনের একটি ক্রসিং সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। এ সময় হঠাৎ এক নারীর চিৎকার শুনতে পান তিনি।
পরে জানতে পারেন, এক ব্যক্তি ওই নারীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছেন। বিষয়টি বুঝতে পেরে কোনো সময় নষ্ট না করে ওই সার্জেন্ট ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন।
একপর্যায়ে সিদ্দিক বাজার এলাকায় গিয়ে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন তিনি। পরে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা জানান, আটকের পর সুজন মিয়াকে বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনটি এরই মধ্যে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন