ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:১৭ বিকাল  

ছবি: সংগৃহিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মির্জা ফখরুল জানান, আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে তাকে বিএনপির মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলেন, “তারা আমাকে আবারও এই আসন থেকে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, “পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি—এই এলাকার মানুষের জন্য কাজ করার আরেকটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় তিনি এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সামাজিক ও পরিবেশগত অগ্রগতি, আর্থসামাজিক কাঠামো শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধানকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। তিনি বলেন, “আগেও যেমনভাবে এই এলাকার মানুষ আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেভাবেই পাশে থাকার জন্য আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

বাংলাধারা/এসআর