স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে ১৬ হাজার টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার
প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৬, ০৬:৫২ বিকাল
ছবি: সংগৃহিত
দেশের বাজারে স্বর্ণের দামে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে। এক লাফে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বাড়ানো হয়েছে ১৬ হাজার ২১৩ টাকা। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়, যা দেশের স্বর্ণবাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে মূল্যবান এই ধাতুর নতুন দামের ইতিহাস তৈরি হলো।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এবং আজ থেকেই এই দাম কার্যকর হবে।
এর আগে চলতি সপ্তাহেই কয়েক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। গত মঙ্গলবার প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ৫ হাজার ২৪৯ টাকা। পরদিন বুধবার আরও ৭ হাজার ৩৪৮ টাকা বাড়ানো হলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। সর্বশেষ বৃহস্পতিবার এক লাফে ১৬ হাজার টাকার বেশি বাড়িয়ে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল। বাজুসের তথ্যমতে, এর আগে কখনো একদিনে এত বেশি পরিমাণে স্বর্ণের দাম বাড়েনি।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বাজুসের ঘোষণায় বলা হয়, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪৬৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণ ও রুপার এই ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির কারণে স্বর্ণের দাম আরও অস্থির থাকতে পারে।
বাংলাধারা/এসআর
