পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ নাকচ জেলেনস্কির
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:১৩ দুপুর
ছবি: সংগৃহিত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বরং পাল্টা অভিযোগ করে তিনি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে চলমান শান্তি আলোচনাকে ভেস্তে দিতেই এমন দাবি তুলে ধরছে মস্কো।
এর আগে সোমবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ইউক্রেন ৯১টি বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করে। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার আগেই সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে ল্যাভরভ বলেন, এই ঘটনার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপ নিয়ে মস্কো নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করবে।
তিনি আরও দাবি করেন, কিয়েভ বর্তমানে একটি অপরাধী গোষ্ঠীর দ্বারা পরিচালিত হচ্ছে, যারা সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি এসব অভিযোগকে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ বলে অভিহিত করেন।
জেলেনস্কি বলেন, এগুলো ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রাখার জন্য তৈরি করা অজুহাত ছাড়া কিছুই নয়। অতীতেও রাশিয়া নিজের সরকারি স্থাপনায় হামলার নাটক সাজিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ব ইতোমধ্যে রাশিয়ার গোপন উদ্দেশ্য সম্পর্কে সচেতন। ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে রাশিয়ার কোনো ষড়যন্ত্র বা বাধা আমরা আর মেনে নেব না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে ২০ দফার একটি শান্তি প্রস্তাব উত্থাপন করেন। ওই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ট্রাম্প-জেলেনস্কির ওই বৈঠকের কয়েক ঘণ্টা পরই নভগোরোদে পুতিনের সরকারি বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ তোলে মস্কো যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বাংলাধারা/এসআর
