নিকারের সভায় অনুমোদন পেল নতুন ৪ থানা, মন্ত্রণালয় পুনর্গঠনসহ ১১ প্রস্তাব
প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৬, ০৩:৩০ দুপুর
ছবি: সংগৃহিত
প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনবান্ধব করতে চারটি নতুন থানা স্থাপনসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা।
সভায় গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজারের মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি নরসিংদীর বৃহৎ রায়পুরা থানা ভেঙে আরও একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নাগরিক সেবা আরও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় অর্থ উপদেষ্টা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয় উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ ১৪ জন সিনিয়র সচিব ও সচিব সভায় অংশ নেন।
রাজস্ব আহরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে নীতিনির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম আলাদা কাঠামোয় পরিচালিত হবে। এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
নিকারের সভায় স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্রীকরণ করে নতুনভাবে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সমন্বয় বাড়বে বলে আশা করছে সরকার।
এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়- এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।
পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা করার প্রস্তাবও সভায় অনুমোদিত হয়েছে।
সরকার বলছে, এসব সিদ্ধান্ত প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়াকে আরও গতিশীল ও জনস্বার্থমুখী করবে।
বাংলাধারা/এসআর
