ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

হলফনামায় গোপন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬, ০৪:৪৫ দুপুর  

ছবি: সংগৃহিত

নির্বাচনী হলফনামায় প্রদর্শিত হয়নি- এমন সম্পদের মালিকদের ভবিষ্যতে শাসক হিসেবে দেখতে চান না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে র‌্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাবারুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।

হলফনামার তথ্য গোপনের প্রসঙ্গে ২০০৮ সালের নির্বাচনের উদাহরণ টেনে ড. আবদুল মোমেন বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছিলেন এবং বাস্তবে পাওয়া সম্পদের মধ্যে ছিল বড় ধরনের পার্থক্য। তাঁর মতে, সে সময় যদি দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে কাজ করত, তাহলে ওই প্রার্থিতাই বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।

নির্বাচনী হলফনামার তথ্য যাচাইয়ে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, সীমিত সময়ের মধ্যে প্রতিটি হলফনামা সূক্ষ্মভাবে যাচাই করা কমিশনের পক্ষে কঠিন। তাই কারও সম্পদ নিয়ে সন্দেহ হলে সাংবাদিকদের সেই তথ্য আগে দুদককে জানানোর অনুরোধ করেন তিনি।

ড. আবদুল মোমেন বলেন, ‘আপনারা নিজেরাই অনুসন্ধানী সাংবাদিক। অনুসন্ধান করে আমাদের সহায়তা করুন। আমরা কোনোভাবেই চাই না, হলফনামায় গোপন রাখা সম্পদের মালিকরা আগামী দিনে শাসনক্ষমতায় আসুক।’

রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, সবার জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দুর্নীতি দমন ছাড়া ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, আগামী দিনের শাসকরা যেন ন্যায়নিষ্ঠ হন- এটাই প্রত্যাশা।


বাংলাধারা/এসআর