অংশগ্রহণমূলক নির্বাচনই লক্ষ্য, কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি
প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৬, ০৯:৩৩ রাত
ছবি: সংগৃহিত
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কমিশনের একমাত্র লক্ষ্য সবার অংশগ্রহণে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয়দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
এ সময় নাসির উদ্দিন বলেন, অনেকেই হয়তো আমাদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতে পারেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করার সিদ্ধান্ত থেকেই বোঝা যায়, আমরা কতটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই।
তিনি আরও বলেন, তবে কমিশনের একার পক্ষে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। প্রার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়ন করা যাবে না।
আপিল শুনানিতে কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে সিইসি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমার টিম এবং আমি কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত দেইনি। প্রতিটি সিদ্ধান্ত আমরা গভীর বিচার-বিবেচনার মাধ্যমে এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে নেওয়ার চেষ্টা করেছি।
শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আচরণের প্রশংসা করে নাসির উদ্দিন বলেন, আপনারা যেভাবে প্রশ্ন করেছেন এবং যুক্তিসংগতভাবে জবাব দিয়েছেন, তা দেখে আমি সত্যিই অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। আপনাদের এই ধৈর্যশীল ও শালীন আচরণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাই।
তিনি আরও বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধরে শুনানিতে অংশ নিয়েছেন। অনেকেই আমাদের আগেই এখানে উপস্থিত ছিলেন। এই সহযোগিতার জন্য কমিশন আপনাদের কাছে কৃতজ্ঞ।
এদিকে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে কমিশন কিছুটা কষ্ট নিয়েই ছাড় দিয়েছে। তিনি বলেন, আইন যেহেতু তাদের প্রার্থিতা বৈধ করার সুযোগ দিয়েছে, সে কারণেই আমরা বাধ্য হয়ে তাদের ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে।
বাংলাধারা/এসআর
