অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করছে না: বিদ্যুৎ উপদেষ্টা
প্রকাশিত: জানুয়ারী ২৭, ২০২৬, ০৪:১৪ দুপুর
ছবি: সংগৃহিত
সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশনের নতুন সুপারিশ গ্রহণ হলেও তা বাস্তবায়ন করছে না অন্তর্বর্তী সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, পে কমিশনের প্রতিবেদন কেবল গ্রহণ করা হয়েছে; বর্তমান সরকারের মেয়াদ মাত্র ১৫ দিনের মতো থাকায় এ সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “পে কমিশনের সুপারিশ সরাসরি বাস্তবায়নের জন্য নয়। পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার।”
বিদ্যুৎ উপদেষ্টা আরও বলেন, “দীর্ঘ ১০-১৫ বছর ধরে সরকারি কর্মচারীরা একটি পে কমিশনের দাবি করে আসছিলেন। কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, তবে তা এখনো কার্যকর হয়নি। যদি হঠাৎ সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা হতো, তাহলে ব্যয় প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা হয়ে যেত। সাধারণত ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়, যাতে সরকারের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।”
তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য ভবিষ্যৎ সরকারের জন্য প্রস্তুতিমূলক কাজ করা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান, মাল্টিমডাল ট্রান্সপোর্ট সেক্টরের পরিকল্পনা—সবই এই ধারাবাহিকতার অংশ। পে কমিশনের বিষয়টিও একইভাবে পরবর্তী সরকারের জন্য প্রস্তুত করা হচ্ছে।
বিদ্যুৎ উপদেষ্টা স্পষ্ট করেছেন, পে কমিশনের প্রতিবেদন গ্রহণ মানেই তা বাস্তবায়ন নয়। পাশাপাশি তিনি জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে পে কমিশনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের কোনো প্রস্তাব তিনি দেখেননি এবং সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতেও এমন কোনো প্রস্তাব উঠেনি।
বাংলাধারা/এসআর
