গণভোটে সরকারি কর্মকর্তাদের পক্ষে-বিপক্ষে প্রচার নিষিদ্ধ
প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৬, ০৯:১১ রাত
ছবি: সংগৃহিত
আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো পক্ষের হয়েই প্রচার চালাতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬-এর বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’, যেকোনো একটির পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে বা প্রচারণায় অংশ নিতে পারবেন না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের এ ধরনের পক্ষপাতমূলক কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা সংশ্লিষ্ট আইনের অধীনে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। তাই গণভোট অধ্যাদেশ, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশন জানিয়েছিল, গণভোট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে প্রচার চালাতে পারবেন না। তবে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করা এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই।
বাংলাধারা/এসআর
