বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি: সম্ভাব্য রপ্তানি আদেশ ২২৪ কোটি টাকার বেশি
প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৬, ০৯:০১ রাত
ছবি: সংগৃহিত
মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
মেলা কর্তৃপক্ষ জানায়, এবারের বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী দেশি ও বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে থেকে সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে প্রায় ১৭ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪ দশমিক ২৬ কোটি টাকা।
রপ্তানি আদেশ পাওয়া পণ্যের মধ্যে রয়েছে বহুমুখী পাটজাত পণ্য, ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স সামগ্রী, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স ও হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশিকাঁথা এবং বিভিন্ন ধরনের ফেব্রিক্স। এসব পণ্য আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্কে রপ্তানি হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের তথ্যমতে, মেলা চলাকালীন স্থানীয় বাজারে (রেস্তোরাঁসহ) আনুমানিক ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্যসামগ্রীর ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়েছে। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্যাভিলিয়ন, স্টল ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া- এই ছয়টি দেশের ১১টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।
বাংলাধারা/এসআর
