দেশ ছাড়েননি বিসিবি সভাপতি বুলবুল, মিরপুরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন
প্রকাশিত: জানুয়ারী ২৬, ২০২৬, ১২:১৯ দুপুর
ফাইল ছবি
দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়, একের পর এক পরিচালকের পদত্যাগ, বিতর্কিত মন্তব্য এবং বিপিএল ঘিরে ক্রিকেটারদের বয়কট- সব মিলিয়ে প্রবল চাপের মুখে রয়েছে বোর্ডের প্রশাসন। এমন টালমাটাল পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে তা নতুন করে উদ্বেগ তৈরি করে।
তবে এ গুঞ্জনের কোনো ভিত্তি নেই। সোমবার (২৬ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ডের সদর দপ্তর মিরপুরে দেখা গেছে। এদিন তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনও করেন, যা তাঁর দেশে অবস্থানের বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করে।
রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছিল, বুলবুল নাকি মধ্যরাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট টিকিটও কাটেননি। তবে বোর্ডসংশ্লিষ্ট একাধিক সূত্র শুরু থেকেই এ দাবি নাকচ করে জানায়, বিসিবি সভাপতি দেশের বাইরে যাননি এবং ঢাকাতেই নিয়মিত দায়িত্ব পালন করছেন।
এদিকে বিসিবির ভেতরের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং–সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। অন্যদিকে, একাধিক পরিচালকের বেফাঁস মন্তব্য বোর্ডের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে, যার সরাসরি প্রভাব পড়ে বিপিএলেও। একপর্যায়ে ক্রিকেটাররা ম্যাচ বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত নেন।
এ ছাড়া বিতর্কে জড়ানো পরিচালক এম নাজমুল ইসলামের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একই সময়ে পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট অভিযোগ তদন্তের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে।
এই অস্থির বাস্তবতায় বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন বোর্ডকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছিল। তবে সর্বশেষ তথ্যে স্পষ্ট- আমিনুল ইসলাম বুলবুল দেশেই অবস্থান করছেন এবং চলমান সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এতে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
বাংলাধারা/এসআর
নতুন কথা/এসআর
