ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ব্যাটে-বলে বিধ্বংসী ভারত, টি-টোয়েন্টিতে আড়াইশ ছাড়ানোর ইতিহাসে একক শীর্ষে

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০১, ২০২৬, ১০:৪৪ দুপুর  

ছবি: সংগৃহিত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশা মুছে দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে রীতিমতো ইতিহাস গড়েছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে কিউইদের হারিয়েছে ৪৬ রানে। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে নিজেদের করে নেয় ভারত।

এই জয়ের দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আড়াইশ’র বেশি রান করার ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করেছে স্বাগতিকরা। এর মাধ্যমে চারবার ২৫০ ছাড়ানো ইনিংস খেলল ভারত,যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের জন্য সর্বোচ্চ।

এর আগে ভারত ও জিম্বাবুয়ে যৌথভাবে তিনবার করে আড়াইশ’র বেশি রান করার রেকর্ড ধরে রেখেছিল। শনিবারের ম্যাচে ২৭১ রান তুলে সেই রেকর্ডে একক শীর্ষে উঠে গেল ভারত।

টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৯৭ রান, যা তারা ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে করেছিল। একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮৩ রান তোলে দলটি। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচে ২৭১, আর ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬০ রান করেছিল ভারত।

যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড এখনো জিম্বাবুয়ের দখলে। আফ্রিকার দলটি গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান সংগ্রহ করেছিল। এছাড়া সিসিলিসের বিপক্ষে ২৮৬ ও বোতসোয়ানার বিপক্ষে ২৫৯ রানের ইনিংস রয়েছে তাদের। তবে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান করার কীর্তি ইংল্যান্ডের, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে ৩০৪ রান তুলেছিল তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ভারতীয় ব্যাটাররা হাঁকিয়েছেন ২৩টি ছক্কা, যা পূর্ণ সদস্য কোনো দেশের টি-টোয়েন্টি ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে জোহানেসবার্গে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাও সমান সংখ্যক ছক্কা মেরেছিল।

পুরো সিরিজজুড়ে ভারত মোট ৬৯টি ছক্কা হাঁকিয়ে গড়েছে নতুন বিশ্বরেকর্ড। কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে এত ছক্কা আগে কখনো দেখা যায়নি। এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দলই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৬৪টি করে ছক্কা মেরেছিল।

ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও ম্যাচটি ছিল স্মরণীয়। এই ম্যাচে টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রান পূর্ণ করেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ১,৮২২ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের, যিনি ১,৯৪৭ বলে কীর্তিটি গড়েছিলেন।

তবে বোলিংয়ে কিছুটা অস্বস্তির মুহূর্তও ছিল ভারতের জন্য। শেষ ম্যাচে এক ওভারে ২২ রান দেন জাসপ্রিত বুমরাহ, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড। অন্যদিকে, আর্শদীপ সিং পাঁচ উইকেট পেলেও খরচ করেন ৫১ রান, টি-টোয়েন্টিতে ফাইফার নেওয়া বোলারদের মধ্যে এটি সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। এর আগে আলজারি জোসেফ ৫ উইকেট নিতে খরচ করেছিলেন ৪০ রান।

দুই দল মিলিয়ে ম্যাচে মোট ৪৯৬ রান ওঠে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের সম্মিলিত রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষে রয়েছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, যেখানে উঠেছিল ৫১৭ রান।

সব মিলিয়ে, ব্যাটিংয়ে আগ্রাসন, রেকর্ডের ছড়াছড়ি আর সিরিজ জয়ের আনন্দে নিউজিল্যান্ডের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ ভারতের জন্য হয়ে থাকল স্মরণীয় এক অধ্যায়।

বাংলাধারা/এসআর