কেন্দ্রীয় চুক্তি থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি
প্রকাশিত: ফেব্রুয়ারি ০১, ২০২৬, ০৮:৫৪ রাত
ছবি: সংগৃহিত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব সংস্করণে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) নিয়মিত খেলেন, এমন ক্রিকেটারের অভাবের কারণে ২০২৬ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে বোর্ড। নতুন চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তির সংশোধিত তালিকা ও নতুন বেতন কাঠামো এখনো আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় থাকলেও ‘এ প্লাস’ ক্যাটাগরি না রাখার বিষয়ে বোর্ডের অভ্যন্তরে কার্যত ঐকমত্য তৈরি হয়েছে।
এর আগে ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন আনে। তখন ফরম্যাটভিত্তিক আলাদা চুক্তি বাতিল করে চালু করা হয় একক কাঠামোর পাঁচটি ক্যাটাগরি, এ প্লাস, এ, বি, সি ও ডি। এর মধ্যে তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফরম্যান্স করা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ বেতন কাঠামো হিসেবে নির্ধারিত ছিল ‘এ প্লাস’ ক্যাটাগরি।
তবে বর্তমান বাস্তবতায় জাতীয় দলে এমন কোনো ক্রিকেটার নেই, যিনি একই সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই তিন সংস্করণেই নিয়মিত খেলছেন। এ কারণেই বিসিবি মনে করছে, ‘এ প্লাস’ ক্যাটাগরি বজায় রাখার যৌক্তিকতা এখন আর নেই।
বিসিবির উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা শনিবার (৩১ জানুয়ারি) ক্রিকবাজকে বলেন,
“২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে আমরা ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখছি না। এই ক্যাটাগরির মূল শর্ত ছিল তিন সংস্করণে নিয়মিত খেলা, যা বর্তমানে কেউ পূরণ করছে না। তাই বাস্তবতা বিবেচনায় ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।”
নতুন চুক্তির তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের নাম বাদ পড়া। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার আর তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকাতেও নিজেদের জায়গা ধরে রেখেছেন।
এছাড়া পারফরম্যান্স, বয়স ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় যুক্ত হচ্ছেন ছয়জন নতুন ক্রিকেটার। তারা হলেন, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। বিসিবির সূত্র জানায়, জাতীয় দলের ভবিষ্যৎ কাঠামো শক্তিশালী করতেই তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৬ সালের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছেন- নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদসহ নতুন ছয় ক্রিকেটার।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিসিবির বাস্তববাদী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তবে একই সঙ্গে এটি জাতীয় দলে তিন সংস্করণে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারের সংকটও স্পষ্টভাবে তুলে ধরছে।
বাংলাধারা/এসআর
