ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বাংলাদেশের মেয়েদের টানা ষষ্ঠ জয়, স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ উদ্‌যাপন

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৬, ০৪:১৪ দুপুর  

ছবি: সংগৃহিত

বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল, এবার মাঠের পারফরম্যান্সে যেন তারই উদ্‌যাপন করল বাংলাদেশ নারী দল। নেপালের কীর্তিপুরে আজ স্কটল্যান্ড নারী দলকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। টি-টোয়েন্টি ক্রিকেটে রানের ব্যবধানে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জয়।

গ্রুপ পর্বে চার ম্যাচ এবং সুপার সিক্সে দুই ম্যাচ- সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে একচুলও বিচ্যুত না হয়ে টানা ছয় ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আত্মবিশ্বাস, পরিকল্পনা আর পারফরম্যান্স- সব মিলিয়ে দলটি যেন এখন দুর্দমনীয়।

নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস গড়ে তোলেন ৬৭ রানের দৃঢ় জুটি। দিলারা ৩৯ ও জুয়াইরিয়া ২২ রান করে ফিরে গেলেও দলকে ভালো ভিত দিয়ে যান তারা। তিন নম্বরে নেমে শারমিন আক্তার সুপ্তা (১৫) বেশিক্ষণ থিতু হতে না পারলেও এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি।

চতুর্থ উইকেটে এই দুজনের ব্যাটে গড়ে ওঠে বিধ্বংসী ১০০ রানের জুটি। অধিনায়ক নিগার মাত্র ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। অন্যদিকে সোবহানা মোস্তারি মাত্র ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দর্শকদের মুগ্ধ করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৯১ রান, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বিশাল লক্ষ্যের চাপ নিতে পারেনি স্কটল্যান্ড। বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে তারা। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন মারুফা আক্তার, যা স্কটিশ ব্যাটিং ধসের সূচনা করে। মারুফার আগ্রাসী বোলিংয়ের সঙ্গে স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত স্পেল স্কটল্যান্ডকে চেপে ধরে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করলেও ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রানেই থামে স্কটল্যান্ড।

এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫ রান। দক্ষিণ এশিয়ান গেমসে সেই ম্যাচে মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে রেকর্ড ২৪৯ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। আর ২০২৪ নারী এশিয়া কাপে ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়েছিল নিগার-জ্যোতির দল। এবার স্কটল্যান্ডের বিপক্ষে একই সংগ্রহ ছুঁয়ে আবারও নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশের মেয়েরা।


বাংলাধারা/এসআর